চট্টগ্রামে করোনাভাইরাসের করোনার টিকা গ্রহণে নিবন্ধন এবং সনদ সংগ্রহে অন্তহীন ভোগান্তির মুখোমুখি হতে হয়েছিল। টিকার সনদ সংশোধনে যেতে হত ঢাকায় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ে। এ নিয়ে টিকা গ্রহীতাদের অভিযোগও ছিল ব্যাপক। তবে অবশেষে এবার এ ভোগান্তি নিরসন হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের আইসিটি শাখায় সংশোধন করা হচ্ছে। নির্দিষ্ট ফরম পূরণ করে সংশোধন করা যাবে। বর্তমানে চট্টগ্রাম নগরে ১১টি টিকাকেন্দ্র এবং ১৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদন কর্মসূচি চলছে।
জানা যায়, করোনার টিকা নিতে নিবন্ধন করার সময় যথা নিয়মে সুরক্ষা অ্যাপে ফরমটা পূরণ করে দেয়া হয়। কিন্তু পরে দেখা যায়, সার্টিফিকেটে নাম, বয়স, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর কিংবা পাসপোর্ট নম্বরসহ নানা তথ্য ভুল করে আসছে। কিন্তু এটি সংশোধনের কোনো ব্যবস্থা চট্টগ্রামে ছিল না। সার্ভারটি সরাসরি নিয়ন্ত্রিত হত ঢাকা থেকে। কিন্তু সংশোধনের জন্য একটি মেইল আইডি দেয়া হলেও সেখানে আবেদন করার ২০ থেকে ৩০ দিন পরও ফলাফল মিলত না বলে অভিযোগ ভুক্তভোগীদের। তবে এবার করোনার টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য সংশোধন করা হচ্ছে জেলা প্রশাসনের আইসিটি শাখার ১২৩ নং কক্ষে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এখন থেকে জেলা প্রশাসনের আইসিটি শাখায় নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনের সঙ্গে টিকা কার্ডের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, পাসপোর্টের কপি, এয়ারের টিকিট (প্রযোজ্য ক্ষেত্রে) সংযুক্ত করতে হবে। আবেদনের পর প্রয়োজনীয় সময়ের পর তা সংশোধন করা হবে। এখন থেকে আর ঢাকায় যেতে হবে না। এর মাধ্যমে টিকা গ্রহীতাদের ভোগান্তি কমবে। জেলা প্রশাসন কার্যালয়ের আইসিটি বিভাগের এক কর্মকর্তা বলেন, প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন জমা দেওয়া হলে তা সংশোধন করে দেয়া হয়। প্রতিদিন পাঁচ থেকে ছয়টি আবেদন জমা পড়ছে। তবে কেন্দ্র পরিবর্তনসহ আরও কিছু সংশোধন এখানে করা যায় না।




























