স্বাস্থ্য সময় প্রতিবেদক
চট্টগ্রামের এপিক হেলথ কেয়ারে রেমিটেন্সযোদ্ধা বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা শুরু করেছে। ল্যাবে নমুনা দেওয়ার চার থেকে ৬ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেয়া হবে। গতকাল বুধবৃার দুপুরে নগরের পাঁচলাইশে এপিক হেলথ কেয়ারের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এপিক হেলথ কেয়ারের চিফ অপারেটিং অফিসার (সিওও) ডা. মো. এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর টি এম হান্নান, বিজনেস ডেভেলাপমেন্ট বিভাগের পরিচালক মো. জসীম উদ্দীন, ল্যাব ডিরেক্টর ও ডেপুটি জেনারেল ম্যানেজার ডা. সাইফুদ্দীন মো. খালেদ, ম্যানেজার অপারেশন্স ডা. হামিদ হোছাইন আজাদ, কর্পোরেট ব্রান্ডিং এসিস্ট্যান্ট ম্যানেজার জহির রায়হান প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, নগরের আন্দরকিল্লা শাখায় বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে বিদেশগামী যাত্রীরা করোনা পরীক্ষা করতে পারবেন। সাধারণ সময়ে ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে করোনা রিপোর্ট দেওয়া যাবে। তবে অতি জরুরি হলে দুই ঘণ্টায় রিপোর্ট প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।
ডা. মো. এনামুল হক বলেন, এপিক হেলথ কেয়ার আন্তর্জাতিক নীতিমালা বিদ্যমান গাইডলাইন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত আইএসও সনদ থাকায় সব ধরণের ডায়াগনস্টিক রিপোর্ট সবচেয়ে বেশি নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য। এপিক চট্টগ্রামের একমাত্র প্রতিষ্ঠান, যার আইএসও সনদ আছে। ফলে ব্যবসায়িক প্রতিযোগীয় নয় বরং স্বাস্থ্যসেবার গুণগতমানের বিশ্বমান বলতে যা বুঝায় তার বাস্তবায়ন করছে এপিক হেলথ কেয়ার। স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে করোনাকালে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা ছিল মানুষের পাশে দাঁড়ানো। এরই অংশ হিসেবে করোনা আক্রান্তদের সুবিধার্থে গত বছর করোনা নির্ণয়ে আরটি-পিসিআর পদ্ধতি এবং র্যাপিড টেস্ট শুরু করি। এরই ধারাবাহিকতায় চলতি মাসের প্রথম সপ্তাহে বিদেশগামী যাত্রীদের করোনা মুক্ত সনদ প্রদানের অনুমোদনপ্রাপ্ত হই। যদিও চট্টগ্রামের কিছু প্রতিষ্ঠান আগে থেকেই এই সেবা দিচ্ছেন। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যোগাযোগ কেন্দ্রিক অসুবিধা, যথা সময়ে রিপোর্ট না পাওয়াসহ নানা কারণে সেবা গ্রহীতাদের বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। আশা করি, আমাদের এই সেবা বিদেশগামীদের কষ্ট বহুলাংশে লাঘব করবে।




























