বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা দিতে বিশেষ উদ্যোগ

0
11

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের টিকার নিবন্ধনের জন্য একটি ‘ওয়েবলিংক’ চালু করেছে ইউজিসি। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাঁরা জন্মনিবন্ধন সনদ দিয়ে এই লিংকে গিয়ে টিকার জন্য প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। এরপর এসব শিক্ষার্থীর তথ্য স্বাস্থ্য বিভাগকে দেবে ইউজিসি। তখন শিক্ষার্থীরা করোনার টিকা–সংক্রান্ত সুরক্ষা অ্যাপে গিয়ে সহজেই টিকা নিবন্ধনের কাজটি করতে পারবেন।

ইউজিসি জানিয়েছে, গতকাল রাতে ‘ওয়েবলিংকটি’ (https://univac.ugc.gov.bd) চালুর কথা। এর মাধ্যমে ২৭ সেপ্টেম্বরে মধ্যে শিক্ষার্থীদের নিবন্ধন করতে হবে। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র আছে, তাঁরাও এই লিংক ব্যবহার করে সুরক্ষা অ্যাপের সঙ্গে সংযুক্ত হয়ে টিকার নিবন্ধন করতে পারবেন।

করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছিল। এর মধ্যে ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস শুরু হয়েছে। পরদিন থেকে মেডিকেল কলেজও খুলেছে। ইতিমধ্যে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বেশির ভাগ টিকার আওতায় এসেছে। অন্যদিকে শিক্ষার্থীদের টিকা নিবন্ধনের বিষয়টি নিশ্চিত হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে ২৭ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয়ও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।